হেঁটেছো কভু স্মৃতির গলিতে, ছুঁয়ে দেখেছো অতীতটারে?
হারায়েওনা যেন স্মৃতির ভিড়ে মনের গোপন অনুভুতিরে।
স্মৃতির দেওয়ালে হাতড়ে দেখ দাঁড়িয়ে তুমিই আয়না হাতে,
দেখবে কেমন হারিয়ে গেছো হ্যারির মিরর এরিসেডে।
সাদা কালো মন্দ ভালো সব ক্ষণেরই অতীতচারণ,
স্মৃতির পথের আলোকবর্ষ এক পলকের ঝলক যেমন।
চোখের সামনে উঠবে ভেসে জীবন পথের ভুলগুলি সব,
ইচ্ছে হবে শুধরে নিতে, অসহায় মনের বিষাদ রব।
স্মৃতির গলির সেই ক্ষণেতেই ভ্রান্তিগুলি সারিয়ে দিলেই,
নিখুঁত জীবন হয়তো পেতুম, বৈচিত্র হারিয়ে ফেলেই।
বিষন্নতার মেয়াদ শেষে, ভাসিয়ে আলোর প্রতিচ্ছবি,
সাদা কালো অতীতটারে রাঙ্গিয়ে দেওয়া রঙ্গিন ছবি।
মন মাতানো মজার ক্ষণে, চায় যে ছুঁতে মন,
বাঁচার রসদ জুগিয়ে যাবে, এই স্মৃতির রসায়ন।


