পড়তে হবে, খেলতে হবে, শিখতে হবে আরও অনেক কিছু।
সব কিছুতেই পয়লা হবে সক্কলকে ফেলে পিছু।।
দৌড়ে চলো, থামবে না আর, পাছে তুমি পিছিয়ে পরো।
শৈশবটা নাই বা পেলে, ভবিষ্যতে তুমিই হবে সবার থেকে অনেক বড়ো।।
স্বপ্ন গুলো পিষে ফেলো, ইচ্ছে গুলো শিকেয় তোলো।
মানুষ হওয়ার লক্ষ্যে তুমি এই ভাবেতেই এগিয়ে চলো।।
শ্রেষ্ঠত্ব নাই বা পেলে, সফল হওয়াই আসল কথা।
বড় বাড়ি, দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, অনেক টাকা।।
এইতো দেখো সব পেয়েছো, ফল পেয়েছো দৌড়ে চলার।
এবার নিয়ে বাঁচতে পারো স্বপ্ন ইচ্ছে ছেলেবেলার।।
সব পারলেও পারবে না আর ওই বেলাতে ফিরে যেতে।
মানুষ হওয়ার দৌড়ে যে তুমি ভুলেই গেছো মানুষ হতে।।
উপরওয়ালাও এসব দেখে ভাবছে বুঝি মুচকে হেসে।
মানুষ গড়ার কলও কি বিগড়ে গেলো শেষে।।
আজকে তুমি অনেক বড়ো, মান পেয়েছো অনেক করে।
কেমন সবাই দৌড়ে বেড়ায়, তোমায় তাদের লক্ষ্য করে।।
বোঝাও তাদের ভুল করছে, বেঠিক পথে দিচ্ছে পাড়ি।
শৈশবটা বাচতে হবে, থাকনা ওসব বাড়াবাড়ি।।
ছেলেবেলায় খেলাধুলা, আবদার আর কত্ত মজা।
একবার তা হারিয়ে গেলে কোথাও তা আর যায়না খোঁজা।।
তার চেয়ে বরং বাঁচতে যদি ইচ্ছে সমেত স্বপ্ন নিয়ে।
হয়তো তুমি শ্রেষ্ঠ হতে সাফল্যকেও সঙ্গে নিয়ে।।
কি করবে ভেবে এখন সবটাই যে হারিয়ে গেছে।
মানুষ হওয়ার দৌড়ে যে তুমি ভুলেই গেছো মানুষ হতে।।


