একদিন সব শান্ত হবেই, শেষ হবে এই ধ্বংসলীলা।
মুক্ত হাওয়ায় বাঁচবো সবাই, খোলা মাঠে সবার মেলা।।
রঙিন ফুলে সাজবে ধরা, ভ্রমর আবার আসবে ফিরে।
প্রজাপতি ঘুরবে নেচে, রামধনুটি আকাশ চিরে।।
সবুজ শাখে গাইবে পাখি, আকাশে ভিড় মেঘের ভেলার।
স্বপ্ন দেখি নতুন ভোরের, নিশ্চিন্ত সেই সকাল বেলার।।
মানুষ এবার মানুষ হবে, ঢের হয়েছে শিক্ষা ওদের।
এর পরেও ঠিক না হলে, বুঝবে ঠেলা প্রকৃতি ক্রোধের।।
আশা রাখি যত্ন নেবে, সাড়িয়ে দেবে সকল জখম।
অবহেলার ফল যে কঠিন, নিশ্চয়ই সে বুঝেছে এখন।।
হাত মিলিয়ে বাঁচবে সবাই, ভুলিয়ে দেবে বিবাদ লড়ার।
স্বপ্ন দেখি নতুন ভোরের, নিশ্চিন্ত সেই সকাল বেলার।।
বিদায় নেবে হিংসা মনের, আনন্দেতে থাকবো মেতে।
বিভেদ ভুলে থাকবো সুখে, প্রেম ছড়াবো দুহাত পেতে।।
সকলের সম্পর্ক থাকবে অটুট, সম্মানটাও থাকবে সদাই।
পরের দুঃখেও কাঁদবো মোরা, ভাগ করে নেবো কষ্ট সবাই।।
দেখনা কেমন গড়তে পারি, বাড়িয়ে দাওনা হাতটা তোমার।
স্বপ্ন দেখি নতুন ভোরের, নিশ্চিন্ত সেই সকাল বেলার।।
হীরক রাজ্য ভুলে মোদের, স্বপ্নরাজ্য গড়তে হবে।
দেখবে এমন গড়বো ধরা, বাঁচতে কেমন ইচ্ছে হবে।।
সকলে মিলে শুধুই ভালো, রুখে দেবো মন্দটাকে।
ভুলিয়ে মনের সকল গ্লানি, কাটিয়ে মনের ধন্ধটাকে।।
তোমার পাশে আমি আছি, সব বদলের পালা এবার।
স্বপ্ন দেখি নতুন ভোরের, নিশ্চিন্ত সেই সকাল বেলার।।


