বছর খানি যাচ্ছে ঘুরে কাল সময়ের হাতটি ধরে,
সৃষ্টি বিনাশ আনন্দোচ্ছ্বাস মনের ভিতর রইল পড়ে,
চাওয়া পাওয়া হারিয়ে যাওয়া আশাখানি জাপটে ধরে,
স্মৃতির বোঝা যাচ্ছে বেড়ে আলগা স্মৃতি ঝাপসা করে।
দেখছি যত অবাক চোখে শিখছি ততই নতুন করে,
হারিয়ে যাওয়া অতীতখানি আধুনিকতায় যাচ্ছে ভরে,
সময়টাকে হাত বাড়িয়ে পারছি কোথায় রাখতে ধরে,
স্মৃতির বোঝা যাচ্ছে বেড়ে আলগা স্মৃতি ঝাপসা করে।
এই পেয়েছি ছাড়ব নাকো আঁকড়ে রাখি মুহূর্তরে,
হঠাৎ দেখি ফসকে গেছে সময়টারে অতীত করে,
এগিয়ে চলি জীবন পথে অভিজ্ঞতার আঁস্তাকুড়ে,
স্মৃতির বোঝা যাচ্ছে বেড়ে আলগা স্মৃতি ঝাপসা করে।
আতশবাজীর ঘণ্টা নেড়ে নতুন বছর আসবে ফিরে,
আবার খানিক আপন সময় হারিয়ে যাবে স্মৃতির ভিড়ে,
নতুন আশার কাল আসে ভাই আজটারে অতীতে ছেড়ে,
স্মৃতির বোঝা যাচ্ছে বেড়ে হারিয়ে ফেলে অতীতটারে।


