দাম্পত্যের ষোড়শ

Anniversary

সম্পর্কের রজত পূর্তি, দাম্পত্যের ষোড়শ,
ভালো মন্দে দিন কাটিয়েও, পছন্দে ফারাক কোরোশ।
আমি যদি ডাইনে চলি, চলবেই সে বামে,
যদি আমি রামেরে পুজি, সে পুজিবেই শ্যামে।
আমার কাছে পাহাড় ভাল, তিনি সাগর পাড়ে,
আমি মজলে আড্ডা দিতে, উনি রান্না ঘরে।
মাছে ভাতে বাঙ্গালি আমি, ওনার আবার রুটি,
লুচি মাংস বিরিয়ানি আর ওদিকে চাইনিজ জুটি।
উফ কি জ্বালা, এভাবে কি আর বাঁচার হিসাব মেলে,
আমি থাকি অম্বলে আরে উনি শুধুই ঝোলে।
আমার জন্য ছায়াছবি, ওনার আবার বই,
আমি যদি নেটক্সিক্সে, ওদিকে কিন্ডেল কৈ।
ড্রামা, সাসপেন্স পছন্দ মোর সঙ্গে সাইফাই,
ওদিকে শুধু কার্টুন আর একটু কমেডি চাই।
আমার গিটার, ওনার সেলাই দুজন দুই প্রান্তে,
মনের মধ্যে সংশয় হয়, পারছি না কি চিনতে।
হালফ্যাশনে আছি আমি, উনি আটপৌরে,
যতই ভাবি এবার সমান, পারছি আর কৈ দৌড়ে।
আমি যদি মেতে থাকি গান খবর আর খেলায়,
ওনার মজা কেনাকাটায়, ঘোরাঘুরি আরে মেলায়।
বছর শেষে খ্রিষ্ট মাসেও ফারাক যায়েই থেকে,
আমি ঝুলে পেস্ট্রিতে আর উনি যে ফ্রুট কেকে।
নিয়ম মেনে ঘুমাইও আমি, শুলেই ঘুমের দেশে,
অপরপারে এপাশ ওপাশ, ঘুম যে বেলাশেষে।
এত ফারাক তাই ভাবছো, জীবন কেমন কাটে?
কি মনে হয়, এ সংসারে আমার কথা খাটে?
তফাত যতই থাক না কেন, আসলে ফারাক শুন্যি,
সব তর্ক শেষ ওখানেই, ওপারে যখন গিন্নি।
ফারাক নয় আর মিলও আছে, ওটাই সন্তুষ্টি,
তখন আবার কাড়াকাড়ি, থালায় যখন মিষ্টি।
টক মিষ্টি জীবন জুড়ে, ভালবাসার পরশ,
সম্পর্কের রজত পূর্তি, দাম্পত্যের ষোড়শ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top