আর্জি কর

Pranam

আর্জি কর, আর্জি কর,
মায়ের কাছে আর্জি কর।
যাস না রে মা এবার চলে,
আমাদেরকে একলা ফেলে।
আর কটাদিন যা না থেকে,
মহেশ্বরকেও নে মা ডেকে।

মহিষাসুরের অত্যাচারে,
বিপদ যখন এ সংসারে।
তুই ছিলি মা ত্রিশুল হাতে,
জগৎটাকে মুক্তি দিতে।
যুদ্ধ ছিল ভয়ানক সে,
মহিষাসুর নিধন শেষে।

এই কাহিনী ফি বছরে,
দেখছি মোরা দুচোখ ভরে।
গল্প শুনে গেছিই ভুলে,
দশ হাতে তোর অস্ত্র দোলে।
সতী লক্ষী কাত্যায়নী,
করালী সর্বদানবঘাতিনী।

একটা গেছে, দশটা আছে,
মা তুই গেলেই আসবে কাছে।
শেষ হয় মা জগৎ পাছে,
আর্জি করি তোরই কাছে।
যাসনা চলে বরের কাছে,
এখনও কত অসুর নাচে।

সময় হলো শঙ্খ বাজার,
দ্রোহে আছি, যুদ্ধ এবার।
তোল মা তোর ত্রিশুল আবার,
করতে হবে অসুর সাবাড়।
ভুলছি না মা উৎসবে আর,
অসুর নিধনই লক্ষ্য সবার।

বিজয়া তোলা থাকনা এবার,
শপথ থাকুক মনে সবার।
মা তোর শুরু যুদ্ধ আবার,
বাজবেই শঙ্খ শুভ বিজয়ার।
আর্জি কর, আর্জি কর,
মায়ের কাছে আর্জি কর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top