শতবর্ষের নায়ক

Uttam Kumar
সকালে সৌরেন্দ্র জানাল আজ নাকি গুরুর জন্মশতবর্ষ! “বসের একশ বছর হয়ে গেল”! শুনে এটাই ছিল আমার প্রথম প্রতিক্রিয়া। মানতেই পারছিলাম না, এটা হতেই পারে না। তোমার বয়স বাড়তেই পারে না। তুমি একরকমই ছিলে আছো আর চিরকাল থাকবে। মনে একটা আক্ষেপ চিরদিন রয়েই যাবে জান, তোমাকে সচক্ষে দেখতে পেলাম না। ম্যাটিনিতে তোমার ফার্স্ট ডে ফার্স্ট শো ও উপভোগ করতে পারিনি কখনও। তবে ছোটবেলা থেকে তোমাকে দেখেছি আর যত দেখেছি ততই অবাক হয়েছি। মনে হয়েছে তুমিই তো সে, যার আদব কায়দা অনুকরন করতে ইচ্ছে করে। বাড়িতে দেখেছি তোমার ছবি নিয়ে বড়দের পাগলামি।
এই তো কদিন আগে, এক পারিবারিক অনুষ্ঠানে আমাকে দেখে যখন পরিবারের একজন বরিষ্ঠ সদস্য বলে উঠল পাঞ্জাবীতে তোকে দেখে বেশ লাগছে কিন্তু, তখন ভিতর থেকে তোমার কথাই বেড়িয়ে এল। বললাম ঠিক উত্তম কুমারের মত? সবাই হো হো করে হেসে উঠল। গুরু তুমি এতটাই আমাদের। তোমার চিরনুতন ব্যাক্তিত্বর প্রভাবেই তো বসন্ত বিলাপে সিধু তার প্রেমিকার হাত ধরে বলে ওঠে “একবার বল উত্তম কুমার”।
দেয়ানেয়ায় হৃদয়হরণের মনচুরি, মৌচাকে নিতিশ রায়ের পরিপাটি চরিত্র, সপ্তপদীতে কৃষ্ণেন্দু আর রিনা ব্রাউনের রসায়ন, অগ্নিশ্বরে আদর্শ ডাক্তার, চৌরঙ্গীর আধুনিক স্যাটা বোস, কত বলব। সবক্ষেত্রে তুমি অনন্য ও অনবদ্য। গুরু, তুমি ছাড়া ওই চরিত্র গুলো বাঙ্গালী কোনদিন পেতই না।
তখন আমি কলেজে। নতুন বন্ধু, নতুন আড্ডা, সাথে গান বাজনা, চা। তখন আয়নার সামনে দাঁড়িয়ে তোমার মত ঠোঁটের কোণে কায়দা করে সিগারেট ধরার কত চেষ্টা। যেভাবে তুমি মিস অদিতি সেনগুপ্ত তার খুড়তুতো বোনের জন্য অটোগ্রাফ চাইলে ঠোঁটের কোণায় সিগারেট নিয়ে “Oh yes, certainly” বলে অবলীলায় কোটের পকেট থেকে কলম বার করে লিখে দিলে। ওইটাই, ঠিক ওই ব্যাপারটাই। কিন্তু ঠিক কিছুতেই তোমার মত হয়নি জানো। তুমি আলাদা, তুমি নিখুঁত, তুমি যে গুরু।
নায়কে অরিন্দম মুখার্জী যখন সেই টেবিল চাপড়ে বলে “আমি উন্নতি করব, আলবাত করব। I will go to the top, the top, the top”, তখন মনে হয় এরকমই তো ইচ্ছা শক্তি থাকতে হবে। গুরু তুমি সব চরিত্রেই নিখুঁত ভাবে মানানসই। সেই তোমার একশ বছর! কিছুতেই মানতে পারছি না। তোমার বয়স বাড়তে পারে না। তুমি আজও আমার কাছে সেই অনুকরনীয়, অনিন্দ্য সুন্দর, চিরনায়ক হয়েই থাকবে। শুভ জন্মদিন নায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top